সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ-ভারত ট্রেন ফের চালুর উদ্যোগ, বৈঠক মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৭

শেয়ার

বাংলাদেশ-ভারত ট্রেন ফের চালুর উদ্যোগ, বৈঠক মঙ্গলবার
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠক আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হবে। দুই দিনব্যাপী এ বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন তিনটির চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানানো হবে।

রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠক ঢাকায়

দুই দেশের রেল কর্তৃপক্ষের এ বৈঠক আন্তঃসরকার রেলওয়ে বৈঠক বা ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে পরিচিত। এবার ঢাকার রেলভবনে অনুষ্ঠিত হবে বৈঠকটি। বৈঠকের আলোচ্য বিষয়গুলো ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতিতে ট্রেন তিনটির চলাচল শুরু করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মতামত প্রয়োজন হবে।

মঙ্গলবারের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন।

চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায়ে

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকেই আসবে। রেল কর্তৃপক্ষের বৈঠকে কারিগরি ও পরিচালনাগত বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের সিদ্ধান্ত প্রয়োজন হবে।

আইজিআরএম বৈঠকটি প্রতিবছর বাংলাদেশ ও ভারতে পালাক্রমে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

আন্দোলনের সময় বন্ধ হয় তিন ট্রেন

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।

পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেনগুলোর চলাচল আর স্বাভাবিক হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মাধ্যমে ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।

নতুন রুট চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ

মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে।

এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেওয়া হবে। একই সঙ্গে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ জানানো হবে।

প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় রেল যোগাযোগ আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।