রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

পুনরায় সচল ‘বাংলা এডিশন’-এর ওয়েবসাইট এবং মূল ফেসবুক পেজ

বাংলা এডিশন

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২২

শেয়ার

পুনরায় সচল ‘বাংলা এডিশন’-এর ওয়েবসাইট এবং মূল ফেসবুক পেজ
ছবি: বাংলা এডিশন

বিটিআরসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় সচল হয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের (www.banglaedition.com) ওয়েবসাইট৷ তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায়, রবিবার পোর্টালটির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি কর্তৃপক্ষ।

এর ফলে এখন মোবাইল অপারেটরদের ডাটা ব্যবহার করেও বাংলা এডিশনের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।

এর আগে কারিগরি বিধিনিষেধের কারণে মোবাইল অপারেটরের ইন্টারনেট ডাটা ব্যবহার করে বাংলা এডিশনের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব ছিল না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটটি দেখা যাচ্ছিল। বিটিআরসির মাধ্যমে বিধিনিষেধ প্রত্যাহারের পর মোবাইল ডাটাতেও সাইটটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

একইদিনে, প্রতিষ্ঠানটির মূল ফেসবুক পেজও ফিরে পেয়েছে বাংলা এডিশন। গত ১৬ জুন থেকে কারিগরি সমস্যার কারণে পেজটি বন্ধ ছিল। পরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রবিবার পেজটি পুনরায় খুলে দেয়া হয়।

এর মধ্য দিয়ে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আবারও নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো বাংলা এডিশনের।

এর আগে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলা এডিশনের (www.banglaedition.com) নিবন্ধন স্থগিত করা হয়েছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বাংলা এডিশন কর্তৃপক্ষ।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানায়।

তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পুনর্বহাল এবং বিটিআরসির কারিগরি বিধিনিষেধ প্রত্যাহারের পর এবার ওয়েবসাইট ও ফেসবুক পেজ—দুই প্ল্যাটফর্মেই পূর্ণাঙ্গভাবে সংবাদ কার্যক্রমে ফিরল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন (www.banglaedition.com)।