রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

গুমের ২৫১ ঘটনায় তদন্ত শেষে এ বছরই বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০

শেয়ার

গুমের ২৫১ ঘটনায় তদন্ত শেষে এ বছরই বিচার শুরু
ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ২৫১টি গুমের ঘটনার তদন্ত শেষে চলতি বছরেই বিচার শুরুর লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রবিবার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গুমের ঘটনাকে ব্যাপক ও পদ্ধতিগত অপরাধ

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ২৫১ জন গুমের শিকার হয়েছেন এবং প্রত্যেককে প্রায় একই পদ্ধতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। ঘটনাগুলোর মধ্যে ব্যাপক মিল থাকায় এগুলোকে ব্যাপক ও পদ্ধতিগত অপরাধ হিসেবে মানবতাবিরোধী অপরাধ বলে মনে করছে ট্রাইব্যুনাল।

তিনি বলেন, রোববার ৫৫টি গুম পরিবারের সদস্য ট্রাইব্যুনালে এসেছেন। তদন্ত সংস্থার ১৮ জন তদন্ত কর্মকর্তা তাদের জবানবন্দি নিচ্ছেন। পর্যায়ক্রমে সব পরিবারের সদস্যের জবানবন্দি নেওয়া হবে। তাদের কাছে থাকা প্রয়োজনীয় নথিপত্রও জব্দ করা হবে।

অনেক অপরাধীকে শনাক্তের দাবি

আমিনুল ইসলাম বলেন, তদন্তে অনেক অপরাধীকে তারা শনাক্ত করতে পেরেছেন। কারা কীভাবে গুমের শিকার ব্যক্তিদের তুলে নিয়ে গিয়েছিল এবং কোন কোন স্থানে এসব ঘটনা ঘটেছে, সেসবও প্রায় শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ পর্যায়ে সব তথ্য প্রকাশ করতে চান না তারা।

তিনি বলেন, অন্য মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারেন। আবার কর্মরত এবং অবসরে যাওয়া ব্যক্তিদের মধ্যেও কেউ কেউ জড়িত থাকতে পারেন। দ্রুত তদন্ত শেষ করে চলতি বছরের মধ্যেই বিচার শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

গুমের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, চিহ্নিত আসামিদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গুম পরিবারের যেসব সদস্য সাক্ষ্য দিচ্ছেন বা ভবিষ্যতে দেবেন, তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গুম পরিবারের সদস্যরা কোনো ধরনের হামলা বা টার্গেটের শিকার হতে পারেন বলে শঙ্কা রয়েছে। এ কারণে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে তদন্ত কার্যক্রম কোনোভাবে বাধাগ্রস্ত বা নষ্ট না হয়।

ট্রাইব্যুনালে ২৫১ গুমের অভিযোগ

গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ২৫১ জন গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হয়। সংগঠনটির নেতৃত্বে রোববার গুম পরিবারের ৫৫ সদস্য ট্রাইব্যুনালে আসেন। তাদের জবানবন্দি নিচ্ছেন তদন্ত সংস্থার ১৮ জন তদন্ত কর্মকর্তা।