রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য জানতে চান, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী।
ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের চিত্র
জবাবে অর্থমন্ত্রী জানান, ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাবে রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা এবং জনতা ব্যাংক পিএলসির ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।
এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।
সবচেয়ে বেশি খেলাপি জনতা ব্যাংকে
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ছয়টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মধ্যে জনতা ব্যাংক পিএলসিতে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। ব্যাংকটির খেলাপি ঋণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা, যা ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক।
আরও পড়ুন:







