শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন বিজ্ঞানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩১

শেয়ার

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন বিজ্ঞানমন্ত্রী
ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভের জটিলতার কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সমস্যাটি সমাধানে প্রয়োজন হলে দ্বিতীয় ইউনিটের ভালভ প্রথম ইউনিটে প্রতিস্থাপন করা হবে। একই সঙ্গে বিদ্যমান ভালভ সংস্কারের উদ্যোগও নেওয়া হতে পারে। বিষয়টি পর্যালোচনা করতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে বলেও জানান তিনি।

প্রয়োজনে ভালভ প্রতিস্থাপনের উদ্যোগ

ফকির মাহবুব আনাম বলেন, ভালভে যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমাধান করা হবে। প্রয়োজন হলে দ্বিতীয় ইউনিটের ভালভ প্রথম ইউনিটে প্রতিস্থাপন করা হবে অথবা বিদ্যমান ভালভটি দ্রুততম সময়ে ঠিক করার উদ্যোগ নেওয়া হবে।

পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে চলতি বছর প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা কম।

জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ২,৪০০ মেগাওয়াট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা। এতে দেশের বিদ্যুৎ ঘাটতি কমার পাশাপাশি গ্যাস ও তরল জ্বালানির ওপর চাপ এবং জ্বালানি আমদানির ব্যয় কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

একাধিকবার পিছিয়েছে প্রকল্পের সময়সূচি

মূল পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে চালু হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে প্রকল্পটির সময়সূচি কয়েক দফা পরিবর্তন হয়েছে।

চলতি বছর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হলেও সেফটি ভালভের ত্রুটিতে সেই সময়সূচিও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।