শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগ

রাকিব ইদ্রিস, বাংলা এডিশন

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩২

শেয়ার

ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগ
ছবি: বাংলা এডিশন

ভিক্ষার পাত্র নয়—মানুষের হাতে তুলে দিতে হবে কাজের সুযোগ। অসহায়ত্বকে পুঁজি করে ভিক্ষাবৃত্তির বিস্তার নয়, বরং প্রকৃত অসহায় মানুষকে চিহ্নিত করে পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে গড়ে তুলতে হবে স্বাবলম্বী জীবন। ভিক্ষাবৃত্তি নিরসনে এমনই আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম, সাংবাদিক, লেখক ও সমাজকর্মীরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গঠন : সংকট ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ভিক্ষা করা মানুষের সবাই প্রকৃত অসহায় নন। একটি অংশ সুস্থ, সবল ও কর্মক্ষম হয়েও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ফলে ভিক্ষাবৃত্তি নিরসনে প্রথমেই প্রয়োজন সঠিক জরিপ ও যাচাই।

প্রকৃত অভাবী ও অসহায় মানুষকে চিহ্নিত করে তাদের সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ, কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসার জন্য পুঁজি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। আর যারা কর্মক্ষম, তাদের ভিক্ষার পরিবর্তে কাজের সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

তাদের মতে, যারা সত্যিই অসহায়—তাদের দায়িত্ব নিতে হবে সমাজ ও রাষ্ট্রকে। একই সঙ্গে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন মাসিক মদীনার সম্পাদক মুফতি কাজী ইবরাহীম, আহমদ বদরুদ্দীন খান, সাংবাদিক ও লেখক আমীরুল মোমেনীন মানিক, আলোর ছটা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাসুম আহমাদ, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, আল হিদায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আলী, রাহমানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফিজ রাহমানী, লেখক মাওলানা জহির ইবনে মুসলিম, মাওলানা আহসানুল্লাহ কাসেমী, প্রথম আলোর সহকারী সম্পাদক মনযূরুল হক, মাওলানা শহীদুল ইসলাম, ছাকিবুল ইসলাম কাসেমী ও মুফতি আবদুর রহমান কাসেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

মহব্বত হোসাইন ও মুফতি মুহিউদ্দীন কাসেমীর সঞ্চালনায় এবং সাইমুম সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি।