বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশে গ্যাস ও বিদ্যুতের চরম সংকট থাকলেও সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে পরিচালিত লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় ও বিচার নিশ্চিতের দাবি
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিও তাদের মতো জনগণের জনরায় মেনে নেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে।
সরকারের উদ্দেশে তিনি দ্রুত ছয় দফা দাবি মেনে নিয়ে সোজা পথে আসার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের জনরায় মেনে নেওয়া এবং জুলাই গণহত্যা ও পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান।
১১ দলীয় জোট রাজপথে থাকবে
জামায়াত আমির বলেন, তাদের কোনো পিসির বাড়ি নেই। সামান্য কালো মেঘ দেখলেই যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদের সবাই চেনেন। যারা এখন তাদের চোখ রাঙাচ্ছে, গত সাড়ে ১৫ বছর তাদের ক্ষমতা কোথায় ছিল—সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, শুধু কালো মেঘ নয়, বজ্রপাত এলেও ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।
দেশে নতুন করে ফ্যাসিবাদ গড়ে উঠেছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, এখনো সংশোধনের সময় আছে। সময় পার হয়ে গেলে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে।
বিভাগীয় শহরগুলোতে লংমার্চের ঘোষণা
লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শনিবারের কর্মসূচির মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ প্রতিটি বিভাগীয় শহরে লংমার্চ যাবে এবং পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর মানুষের উদ্দেশে বলেন, ওই মহাসমাবেশ শুধু চিড়া-মুড়ি খাওয়ার জন্য হবে, নাকি দাবি আদায়ের জন্য হবে—তা সবাইকে বুঝতে হবে। প্রয়োজনে চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতির আহ্বান
উপস্থিত নেতাকর্মীদের চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, চূড়ান্ত ডাক এলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দাবি আদায় করেই ঘরে ফিরতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনতার বিজয় হবেই।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপি নেতা আকতার হোসেন এমপি, নাসির উদ্দিন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।
আরও পড়ুন:







