ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে সই করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
পরিপত্রে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা জনগণের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে বলা হয়েছে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা গড়ে ওঠার সম্ভাবনা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটি দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত করতে পারে। বিশেষত ভূমি ব্যবস্থাপনার মতো জনগুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রমে নিয়মিত পদায়ন বা রোটেশনের মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা সমীচীন।
পরিপত্রে আরও বলা হয়, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘকাল দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে একই কর্মস্থলে তিন বছর বা এর বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এবং কর্মকাল উল্লেখ করে একটি হালনাগাদ তালিকা প্রস্তুত করবেন।
তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তদূর্ধ্বকাল কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন:







