চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গার পানি বাড়তে পারে
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিনে এসব নদ-নদীর পানি বাড়তে পারে।
তবে এ সময়ও নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
তিস্তা, ধরলা ও দুধকুমারে পূর্বাভাস
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের নদীতে পরিবর্তনের আভাস
পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে গোমতী নদীর পানি কমেছে।
আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি কমতে পারে।
সুরমা-কুশিয়ারার পানি স্থিতিশীল থাকতে পারে
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আরও পড়ুন:







