শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান দিন: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৫

শেয়ার

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান দিন: রুহুল কবির রিজভী
ছবি সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে সংকট সমাধানে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংকট সমাধানে বিকল্প পরিকল্পনার আহ্বান

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য বিরোধী দল লংমার্চ বা কর্মসূচি দিতে পারে। তবে একই সঙ্গে কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হবে, কোথা থেকে এবং কীভাবে জ্বালানি সংগ্রহ করা হবে, সে বিষয়ে বিকল্প পরিকল্পনা দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে বিরোধী দলের পরিকল্পনা দেওয়া উচিত। জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।

পরিকল্পিত অচলাবস্থা না করার আহ্বান

রিজভী বলেন, পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং কীভাবে বর্তমান সংকটের সমাধান করা যায়, সে বিষয়ে পরিকল্পনা দিতে হবে।

অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে সংকট আরও গভীর হয়ে পরিস্থিতি অন্ধকারের দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

যুদ্ধ ও জ্বালানি সরবরাহ সংকটের কথা উল্লেখ

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনে সংস্কৃতির ভূমিকা

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, সাংস্কৃতিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ।

পরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।