বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এত অল্প সময়ে সরকারের সব কাজ শেষ হয়ে যাবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। তারা ফটোসেশনের রাজনীতি করেন না, ফটো শোয়ের রাজনীতিও করেন না।
শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শোয়ের রাজনীতিও করি না।
তিনি আরও বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এরই মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে, এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজও এখনো শেষ হয়নি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেদের দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেয়ার মতো কাজ কেউ করেননি।
খাল পুনঃখননের সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ সুবিধা পাচ্ছে। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ হাতে নেয়া হয়েছে এবং এরই মধ্যে তা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারাদেশের নদী-নালা, খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন:







