রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে দুটি সেফটি ভালভে জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন করা হবে অথবা বিদ্যমান ভালভ সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাশিয়া থেকে আসছে বিশেষজ্ঞ দল
মন্ত্রী বলেন, রূপপুরের ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। সমস্যা যেখানে রয়েছে, সেখানেই সমাধান করা হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন করা হবে। অথবা সংশ্লিষ্টদের দ্রুততম সময়ে বিদ্যমান ভালভ ঠিক করতে বলা হবে।
দুটি ভালভের সমস্যায় আটকে পরবর্তী পরীক্ষা
মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। পরিকল্পনা ছিল চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার। কয়েকটি ধাপে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এরই মধ্যে ‘বি’ স্টেজ শেষ হয়েছে। তবে দুটি সেফটি ভালভে সমস্যা থাকায় পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে গত ২৮ জুন জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছিলেন, রূপপুর থেকে আগস্টে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সাবমেরিন কেব্ল কনসোর্টিয়াম নিয়ে আপত্তি
সংবাদ সম্মেলনে বেসরকারি সাবমেরিন কেব্ল কনসোর্টিয়াম নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের সুযোগ নেই।
তিনি বলেন, স্বতন্ত্র কোম্পানিগুলোকে আলাদাভাবে লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তারা যৌথভাবে কনসোর্টিয়াম গঠন করে সাবমেরিন কেব্ল বা লাইন পরিচালনার উদ্যোগ নিলে তা নিয়মনীতির বাইরে হবে।
অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ বাড়ানোর আলোচনা
মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা গ্রাহকদের আরও কিছুদিন ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আরও এক থেকে দুই দিন ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কথা হয়েছে। কীভাবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







