বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ ১৮ মাসের কারাবাস ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পান তিনি।
২০০৭ সালের সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে।
দীর্ঘ ১৮ মাস বা ৫৫৪ দিন কারাবাসের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন পিজি হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, থেকে তিনি মুক্তি পান।
কারাবন্দি অবস্থায় নির্যাতনের অভিযোগ
কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। দলটির দাবি, নির্যাতনের কারণে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক রহমান মুক্তি পান।
শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন
কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।
এরপর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন তারেক রহমান।
বিএনপির কর্মসূচি
বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বরকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন। দিনটি উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।
আরও পড়ুন:







