বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে নেপালকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৮

শেয়ার

বাংলাদেশ ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে নেপালকে
ছবি: সংগৃহীত

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অর্থ দেয়ার প্রস্তাব করা হয়েছে। অনুদানের বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন এলাকায় দুর্যোগের পর এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।

চীনের অংশেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

এ অবস্থায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেই নেপালের জন্য আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের এই অনুদান চূড়ান্ত অনুমোদনের পর নেপালের দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে।