সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
অভিযোগের তালিকায় তিন সরকারি কর্মকর্তা
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়া অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
বিদেশে অর্থপাচার ও বিটকয়েন লেনদেনের অভিযোগ
দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ, মানি লন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেন।
এ ছাড়া চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাবের অভিযোগও দুদকে করা হয়েছে বলে জানা গেছে।
ক্রিকেট বোর্ড গঠনে হস্তক্ষেপের অভিযোগ
সূত্র জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে।
পাশাপাশি তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে বলে সূত্র জানিয়েছে।
দুদকের বিশেষ টিম এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে।
আরও পড়ুন:







