সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের চা বাগান ও সূর্যপূরী আমগাছ দেখে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত

‎‎শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৯:৪৯

শেয়ার

ঠাকুরগাঁওয়ের চা বাগান ও সূর্যপূরী আমগাছ দেখে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত
ছবি: বাংলা এডিশন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ‘সুলতান টি স্টেট’ ও ঐতিহ্যবাহী সূর্যপূরী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

‎সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামের সুলতান টি স্টেট ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে যান তিনি।

‎এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, আগে কখনও সমতলে চা বাগান দেখেননি তিনি। এই প্রথম সমতলে চা চাষ দেখে অনেক খুশি হয়েছেন। সেইসঙ্গে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সূর্যপূরী আমগাছ দেখেও আনন্দ প্রকাশ করেন তিনি।

‎তিনি বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকব।

‎পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত চা বাগানের শ্রমিক ও সূর্যপূরী আমগাছে নিযুক্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

‎এ সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরুসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।