রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। তানভীর আবেদীন (জুই) (৪১), ২। মোঃ মজিবুর রহমান (৬০) ও ৩। মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর ৮-১০ জনের একটি ডাকাত দল জনৈক মোঃ খোরশেদ আলম (৫০)-এর কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের তানভীর আবেদীন (জুই) ও মোঃ মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তানভীর আবেদীন (জুই)-এর দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত মোঃ মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ধানমন্ডি মডেল থানায় ডাকাতির এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:







