মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির কর্মী নিয়োগের অনুমোদিত তালিকায় নতুন করে ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার মাল্টি-চ্যানেলভিত্তিক বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস নতুন এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ অ্যাম্প্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) স্থান পেয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানের আওতায় ৬২টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া পূর্বঅনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সির অধীনে আরও ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে নতুন তালিকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমে যুক্ত এজেন্সির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮টিতে।
এর আগে বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম নির্দিষ্ট ২৫টি এজেন্সির মাধ্যমে সীমিত রেখেছিল মালয়েশিয়া সরকার। নতুন তালিকায় সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসহ বিপুলসংখ্যক নতুন রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে সাধারণ অভিবাসীদের জন্য মালয়েশিয়ায় কাজের সুযোগ পাওয়ার পথ প্রসারিত হবে এবং সার্বিক অভিবাসন প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এফডব্লিউসিএমএসের নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশিত তালিকায় থাকা এসব রিক্রুটিং ও সাব-এজেন্সির প্রত্যক্ষ তত্ত্বাবধান ও মাধ্যমে এখন থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে।
আরও পড়ুন:







