বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার ৫১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৬:৫৭

শেয়ার

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার ৫১৮
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন।

সব মিলিয়ে ১১৮ দিনে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশব্যাপী এসব অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র ও ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

এ ছাড়া অভিযান চলাকালে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

এআইজি শাহাদাত হোসাইন আরও জানান, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে এবং ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।