সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে পৌঁছাবে। শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।
বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেল ৪টায় নিহতদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এ দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।
নিহতদের আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।
এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও শনাক্ত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ২৫ আগস্ট সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রিয়াদের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত একটি চিঠি তারা পেয়েছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে পৌঁছাবে।
তিনি জানান, পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জন আত্রাই উপজেলার বাসিন্দা। মরদেহ শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করার জন্য নিহতদের স্বজনদের জানানো হয়েছে। মরদেহগুলো শুক্রবার রাতে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে।
এদিকে মরদেহ দেশে ফেরার খবরে নিহতদের স্বজনদের মধ্যে একদিকে প্রিয়জনকে শেষবারের মতো দেখার অপেক্ষা, অন্যদিকে নেমে এসেছে শোকের আবহ। স্বজনেরা মরদেহ গ্রহণ করে নিজ নিজ এলাকায় নিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন:







