বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৬:০৮

শেয়ার

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
ছবি সংগৃহীত

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের বিভিন্ন মসলা, বাঘাবাড়ি ঘি ও অন্যান্যসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে এসব পণ্যের অনুকূলে দেওয়া বিএসটিআই লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়া এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকতে ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে আন্তর্জাতিক মানের নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এতে কিছু পণ্যের মান সঠিক পাওয়া গেলেও কয়েকটি ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলার মান নির্ধারিত মানদণ্ডের তুলনায় নিম্নমানের পাওয়া যায়।

বিএসটিআইয়ের পরীক্ষায় বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘিতে ঘির মূল উপাদান মিল্ক ফ্যাট পাওয়া যায়নি। পরীক্ষায় দেখা যায়, পাম অলিন ও বনস্পতি দিয়ে পণ্যটি তৈরি করে ঘি নামে বাজারজাত করা হচ্ছে।

এ ছাড়া বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত কারী পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা এবং মাছের মসলা বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত বিভিন্ন প্যারামিটারে অকৃতকার্য হয়েছে।

এর মধ্যে কারী পাউডার হাঁসের মাংসের মসলার ব্যাচ নম্বর ১৪১২২৪, তেহারি মসলার ব্যাচ নম্বর ১৪০২২৬ এবং কালা ভুনা মসলার ব্যাচ নম্বর ২৬০৯২৭। গরুর মাংসের মসলা ও মাছের মসলার ব্যাচ নম্বর যথাক্রমে এ ও এ। পরীক্ষায় এসব মসলায় মোট অ্যাশ ও লবণের মাত্রা অতিরিক্ত পাওয়া গেছে।

নিম্নমানের ঘি ও বাটার অয়েলের মধ্যে রয়েছে বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘি, যার উৎপাদনের তারিখ ১ জুলাই ২০২৬ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ৩০ জুলাই ২০২৮।

এ ছাড়া কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের অরুন বাঘাবাড়ী ব্র্যান্ডের ঘি, উৎপাদনের তারিখ ১৭ জুলাই ২০২৬ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৪ ডিসেম্বর ২০২৭; মেসার্স মামুন ফুড প্রোডাক্টের নিউ রাঁধুনী ব্র্যান্ডের ঘি, উৎপাদনের তারিখ ১৫ এপ্রিল ২০২৫ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১৪ এপ্রিল ২০২৭; একই প্রতিষ্ঠানের সিটি ব্র্যান্ডের ঘি, উৎপাদনের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ১০ ডিসেম্বর ২০২৮; এবং এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েল, ব্যাচ নম্বর ০২২০২৬।

বিএসটিআই জানিয়েছে, বাংলাদেশ মান অনুযায়ী এসব ঘি ও বাটার অয়েল বিভিন্ন প্যারামিটারে অকৃতকার্য হয়েছে। পরীক্ষায় রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু ও পলেন্সকে ভ্যালু নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।

এ বিষয়ে বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিএসটিআই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, বিএসটিআই পণ্যের মান সনদ দেওয়ার পাশাপাশি নকল ও ভেজাল রোধে সার্ভিল্যান্সের মাধ্যমে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের উপাদানসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছেন মহাপরিচালক।

কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা অথবা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহারসংক্রান্ত অভিযোগ থাকলে দ্রুত বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানাতে অনুরোধ করেছেন তিনি।