মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২০:০৭

শেয়ার

এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন
ছবি সংগৃহীত

সারাদেশে চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের বদলে আগামী নভেম্বরে শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এ ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে পৌরসভা নির্বাচনও হতে পারে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইসি আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা আগামী নভেম্বর ধরে এগোচ্ছে। তবে বিষয়টি এখনো অনেক কিছুর ওপর নির্ভর করছে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, অক্টোবরের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে এবং আগস্টের শেষে তপশিল ঘোষণা করা হতে পারে। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের কারণে স্থানীয় সরকার নির্বাচন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলা হচ্ছে। এর অর্থ এই নয় যে নভেম্বরের প্রথম দিনই নির্বাচন হবে। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটি ভোট হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।