রবিবার

২৩ আগস্ট, ২০২৬ ৮ ভাদ্র, ১৪৩৩

অক্টোবরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হচ্ছে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৩:২৫

শেয়ার

অক্টোবরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হচ্ছে কক্সবাজার
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রবিবার সচিবালয়ে দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ চালু করবো। আশা করছি, এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন একটি ন্যাশনাল এয়ারপোর্ট উদ্বোধন করতে পারবো।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে। বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ, চুক্তি এবং ফ্লাইটের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা চলছে। এ সংক্রান্ত বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে।

যাত্রীদের কম খরচে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ দিতে বাজেট এয়ারলাইনস আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাগেরহাটে নতুন বিমানবন্দর নির্মাণের বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রায় ৬০০ একর জমি রয়েছে। তবে, দেশের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন এবং ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনার কারণে সব জায়গায় নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা কমে আসছে।

দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সবাইকে নতুন উদ্যমে কাজ করতে হবে। বিমান ও পর্যটন খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী। ৬ নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে বেলা সোয়া ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।



banner close
banner close