শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ছয় বাংলাদেশির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৭:৩১

শেয়ার

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ছয় বাংলাদেশির মরদেহ
ছবি: সংগৃহীত

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্নে সহযোগিতা করে।

শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আজ বিকেলে দেশে আনা হয়। ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও একই সীমান্ত দিয়ে দেশে আনা হয়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গতকাল রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে।

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



banner close
banner close