শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সের প্রতিবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৯:১৯

শেয়ার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সের প্রতিবেদন
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। তাঁকে দিল্লিতে নিতে ভারত কূটনৈতিক তৎপরতা চালালেও সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করতে পারেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়। এর অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য প্রথম সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি এখনো ভারতে অবস্থান করছেন। ঢাকা একাধিকবার মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য দিল্লির প্রতি অনুরোধ জানিয়েছে। জবাবে ভারত জানিয়েছে, তারা বাংলাদেশের অনুরোধটি খতিয়ে দেখছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এদিকে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্ভাব্য এই সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।



banner close
banner close