সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক ভিডিও বার্তায় দেশের গণমাধ্যম ও রাজনীতি নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন সাংবাদিক কনক সারওয়ার। তাঁর ভাষ্য, প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম গং দেশে ওয়ান ইলেভেনের নায়ক।
তারা স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরাতে আবারও ওয়ান ইলেভেন টু পয়েন্ট জিরো ঘটানোর নানা চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন এই সাংবাদিক।
২০০৬ সালের ভূমিকা ও নতুন নীলনকশা
কনক সারওয়ারের দাবি, ২০০৬ সালের এক-এগারোর পটভূমি তৈরিতে যেভাবে এই দুটি পত্রিকা ভূমিকা রেখেছিল, ঠিক একইভাবে আবারো অগণতান্ত্রিক শক্তি ও আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন নীলনকশা সাজানো হচ্ছে। বিগত দিনে বিএনপি ও তাদের নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করার পর, বর্তমানে রাজনৈতিক পরিবর্তন বুঝতে পেরে তারা নতুন কৌশল অবলম্বন করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, প্রথম আলোর সহযোগী ম্যাগাজিন রসা আলোতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ছাপা কার্টুন এবং তা প্রকাশের আগে মতিউর রহমানের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ। কনক সারওয়ারের মতে, এটি আপাত দৃষ্টিকোণ থেকে সৌজন্যতা বা খোলামেলা মনে হলেও, নেপথ্যে রয়েছে নিজেদের অবস্থান সুসংহত করার চাতুর্য।
কলামে স্বৈরাচারের প্রয়োজনীয়তা
অভিযোগের মূল কেন্দ্রবিন্দু গত শুক্রবার (৭ আগস্ট) প্রথম আলোতে প্রকাশিত কলামবিদ মহিউদ্দিন আহমেদের একটি কলাম। যেখানে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বা প্রচলিত গণতান্ত্রিক কাঠামোর বিকল্প হিসেবে একজন ক্রুয়েল অনেস্ট ডিক্টেটর বা সৎ ও নির্মম স্বৈরাচারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। কনক সারওয়ারের প্রশ্ন, জনগণ ও রাজনীতিকদের মাথায় কেন এমন অগণতান্ত্রিক চিন্তা ঢুকানোর ষড়যন্ত্র করা হচ্ছে?
ফার্মা কোম্পানি ও গোপন বৈঠক
ভিডিও বার্তায় আরো এক চাঞ্চল্যকর দাবি করে তিনি বলেন, একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিককে কেন্দ্র করে দেশের ভেতর ও বাইরে থেকে ওয়ান ইলেভেন টু পয়েন্ট জিরোর অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। এর অংশ হিসেবে বেশ কিছু পত্রিকার সম্পাদক ও টিভি মালিকদের নিয়ে গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
কনক সারওয়ারের মতে, মাথা ব্যথার অজুহাতে মাথা কেটে ফেলা কোনো সমাধান হতে পারে না। রাজনৈতিক বিশৃঙ্খলা ও অপরাধ ঠেকানোর নামে দেশকে অগণতান্ত্রিক সামরিক বা স্বৈরাচারী ব্যবস্থার দিকে ঠেলে দেয়ার এই চক্রান্ত রুখতে রাজনৈতিক নেতৃত্ব ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাকে এখনই কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে এর আগেও ধর্ম অবমাননা, গ্রেনেড হামলা মামলায় রসদ জোগানো, জঙ্গি নাটক সাজানোসহ নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে, কনক সারওয়ার নতুন করে এই অভিযোগ তুললেন।
আরও পড়ুন:








