শুক্রবার

২১ আগস্ট, ২০২৬ ৬ ভাদ্র, ১৪৩৩

জিয়ার ও খালেদা জিয়ার সমাধিতে ফখরুলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৫:৫০

শেয়ার

জিয়ার ও খালেদা জিয়ার সমাধিতে ফখরুলের শ্রদ্ধা
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটার ছিলেন। তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সন্ধ্যায় ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।



banner close
banner close