মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাসের মধ্যে সরকারে নতুন করে যুক্ত হচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা না হওয়ায় জানুয়ারি মাসে বিএনপির যুগপৎ আন্দোলন ও জোটের শরিক হিসেবে থাকা নাগরিক ঐক্য সম্পর্ক ছিন্ন করে। পরে মাহমুদুর রহমান মান্নাসহ দলটির ১২ জন প্রার্থী নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশ নেন।
এদিকে বিদ্যমান মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন সদস্য অন্তর্ভুক্ত হলে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। বিশেষ করে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। পাশাপাশি আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পরিবর্তনের বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে বর্তমানে সরকারের ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।
এখন পর্যন্ত তারেক রহমানের মন্ত্রিসভায় কোনো রদবদল হয়নি। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আরও পড়ুন:








