বৃহস্পতিবার

২০ আগস্ট, ২০২৬ ৫ ভাদ্র, ১৪৩৩

ইলিয়াসের প্রতিবেদনে নুরের বিলাসী জীবন ও সম্পদ নিয়ে তোলপাড়

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৬:৫৫

শেয়ার

ইলিয়াসের প্রতিবেদনে নুরের বিলাসী জীবন ও সম্পদ নিয়ে তোলপাড়
ছবি বাংলা এডিশন

সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘ফিফটিন মিনিটস’-এ প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন।

নুরের প্রতিক্রিয়া

অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন, অনলাইন এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, এবং অনলাইন এক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের মতো কন্টেন্ট ক্রিয়েটররা ভিনদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে মনগড়া বিষয়বস্তু তৈরি করছেন। নুরের দাবি, শুধুমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে টাকার বিনিময়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ানোই তাদের মূল পেশা। তিনি সরাসরি আঙুল তুলে বলেন, জুলাই-পরবর্তী সময়ে তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

নুরের ভাষ্যমতে, গণঅধিকার পরিষদ জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার বলেই তারা তার পেছনে উঠেপড়ে লেগেছেন। নির্বাচনের আগেও তাকে পরাস্ত করতে নানা ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়াও নুর দাবি করেন, এসব অভিযোগ তিনি কখনোই গুরুত্ব দেননি, আজও দিচ্ছেন না; বরং এসবের জবাব দিয়ে তাদের গুরুত্ব বাড়াতে নারাজ তিনি। যদিও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘোষণার পর মাত্র ২২ ঘণ্টায় দুটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে বেশ সক্রিয়তা দেখিয়েছেন এই তরুণ নেতা।

ইলিয়াসের অনুসন্ধানী প্রতিবেদন

তবে অন্যদিকে, সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানী প্রতিবেদনে তুলে এনেছেন নুরের উত্থানের এক অজানা উপাখ্যান। ভিডিওটিতে দেখানো হয়েছে, একসময় সদরঘাটে কাঁথাবালিশ নিয়ে ঘোরাফেরা করা এবং তিন বেলা যাদের নুন আনতে পান্তা ফুরোতো, সেই নুর এবং তার পরিবার আজ হেলিকপ্টারে বিলাসী জীবনযাপন করছেন। চরের ভাঙা ঘর পেরিয়ে এখন তাদের আলিশান পাকা বাড়ির মালিকানা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু নুর নয়, তার ঘনিষ্ঠ আত্মীয়দেরও জাদুর মতো ভাগ্য বদলেছে। নুরের পিতা, যিনি একদা দিনমজুর বা ‘কয়লদার’ হিসেবে অন্যের জমির ধান মাপতেন, ২০১৯ সালে ডাকসুর ভিপি হওয়ার পর থেকে তার জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন।

প্রতিবেদনে আরও ভয়াবহ অভিযোগ এসেছে, বিকাশে টাকা নেয়া, সরকারি অর্থ আত্মসাৎ এবং তদবির বাণিজ্যের মতো জালিয়াতির মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই সম্পদের সাম্রাজ্য। স্থানীয় প্রশাসনও যেন নুরের আত্মীয়দের ইশারায় পরিচালিত হয়।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, নূর এখন কোটা আন্দোলনের সাহসী কর্মীদের পাশ কাটিয়ে পতিত স্বৈরাচারী দলটির নেতাদের পুনর্বাসনে ব্যস্ত। এতে স্থানীয় বিএনপিসহ অন্যান্য দলের ত্যাগী কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। স্থানীয়দের ধারণা, ভবিষ্যতে এমপি কিংবা মন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা জেনে নূর এখন দুই হাতে অবৈধ সম্পদ অর্জনে মরিয়া।

ভিডিওর প্রতিক্রিয়া

প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসাইনের এই অনুসন্ধানী ভিডিওটি তার ইউটিউব চ্যানেলে প্রচারের মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই প্রায় ২০ লাখ মানুষ দেখেছেন। ভিডিওর কমেন্ট সেকশনে সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়ায় অধিকাংশ দর্শকই প্রতিবেদনটির বস্তুনিষ্ঠতার প্রশংসা করে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন।

সাংবাদিক ইলিয়াসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা নুরুল হক নুরের বিলাসী জীবন ও সম্পদ অর্জনের তথ্য নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একদিকে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ, অন্যদিকে নুরের আকাশচুম্বী সম্পত্তির হিসাব সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এই বিতর্কিত সমীকরণে শেষ পর্যন্ত কার দায়বদ্ধতা প্রমাণিত হয়, তা দেখার অপেক্ষায় দেশবাসী।



banner close
banner close