বিএনপির নবনির্বাচিত চার স্থায়ী কমিটির সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, ‘যে প্রত্যাশা নিয়ে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে, সেই প্রত্যাশা পূরণে দলের সঙ্গে জনগণের বন্ধন নির্মাণ করব আমরা। সরকারের সঙ্গে জনগণের বন্ধনও নির্মাণ করব আমরা। জনগণকে নিয়ে এই দল ও সরকারকে সহযোগিতা নিশ্চিত করতে কাজ করে যাব।’
তিনি বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি যেকোনো ত্যাগের বিনিময়ে বাস্তবায়ন করব।’
আমান উল্লাহ আমান আরো বলেন, ‘সরকারের প্রতি জনগণের যে আস্থা এসেছে, সেই আস্থাকে দায়িত্বের সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আজ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ নিয়েছি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেকোনো মূল্যে আমরা রক্ষা করব।’
স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেটি জনগণ গ্রহণ করেছেন। এখন সবদিকে একই কথা উঠছে যে, হ্যাঁ, তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করছেন।’
তিনি বলেন, ‘কিছু সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুতের যে সমস্যা, এ নিয়ে তিনি কারওয়াইলে যে বক্তব্য দিয়েছেন, সেখানে বিষয়টি স্পষ্ট করেছেন। আমার মনে হয়, এই সমস্যা অতি শিগগিরই তিনি সমাধান করবেন।’
এ সময় নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ, ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








