রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

তথ্য ভবনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

তথ্য ভবনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায় সরকার
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য ভবনের মূল্যমান বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

রবিবার দুপুরে বরিশালে ১৭ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণাধীন বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির সক্ষমতা কোনো ভবন, মুঠোফোন বা এর দামের ওপর নির্ভর করে না। প্রযুক্তির প্রকৃত সক্ষমতা নির্ভর করে এর ব্যবহারিক মূল্যের ওপর। তিনি বলেন, তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি এ কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জ্ঞান আহরণের ক্ষেত্রে তথ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, একসময় সারা দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র ১৪০টি। তিনি বলেন, এর অন্যতম কারণ বর্তমান সময়ে নির্মিত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযোগী নয়। নতুন তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধা থাকবে।

বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি হিসেবে তথ্য কমপ্লেক্সকে বিবেচনা করার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের মেগা প্রকল্পের মূল্য শুধু ভবন বা সড়ক নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকল্পের প্রকৃত মূল্য নির্ধারিত হবে জনগণ এর মাধ্যমে কতটা উপকৃত হলো, তার ওপর।

গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অর্থায়নে ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়)’ প্রকল্পের আওতায় বরিশালে কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। ৩৫ দশমিক ২৫ শতক জমির ওপর সাততলা ভবনটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সৌরভ ট্রেডার্স’ প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

গণপূর্ত বিভাগ জানিয়েছে, চলতি বছরের ২০ এপ্রিল জমি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে প্রকল্পের প্রায় ২৫ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে এবং গ্রেড বিম ঢালাইয়ের প্রস্তুতি চলছে।

প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। ২০২০ সালের ১ আগস্ট থেকে এর মেয়াদ শুরু হলেও নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর রবিবার আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ উদ্বোধন করা হলো। সংশোধিত সময়সীমা অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পুরো নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাততলা ভিত্তির আধুনিক এ তথ্য কমপ্লেক্সে লিফট, সাব-স্টেশন, জেনারেটর, ডিপ টিউবওয়েল, অভ্যন্তরীণ ও বহিঃস্থ বিদ্যুৎ, ইন্টেরিয়র ডেকোরেশন, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত সাউন্ড সিস্টেম থাকবে।

ভবনের প্রথম তলায় থাকবে কার পার্কিং, রিসিপশন ও র‍্যাম্প। দ্বিতীয় তলায় থাকবে মাল্টিপারপাস হল। তৃতীয় তলায় ভিডিও এডিটিং ও রেকর্ডিং রুম এবং ট্রেনিং রুম রাখা হবে। চতুর্থ তলায় অফিস স্পেস ও কনফারেন্স রুম, পঞ্চম তলায় অফিস স্পেস, নিউজ রুম ও আর্কাইভ রুম এবং ষষ্ঠ তলায় অফিস স্পেস ও রিহার্সেল রুম থাকবে। সপ্তম তলায় ভিভিআইপি পরিদর্শন বাংলো, লাউঞ্জ, ডে-কেয়ার, লাইব্রেরি, ডাইনিং ও প্রার্থনা কক্ষ রাখার পরিকল্পনা রয়েছে।



banner close
banner close