শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৪৭

শেয়ার

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী
ছবি সংগৃহীত

বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এত ঋণ করে যাওয়া হয়েছে যে সঠিক পরিকল্পনা না হলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট দিয়েছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজে একটি ট্রাকে ওঠেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে বিষয়টি নিয়ে সমালোচনা করবেন, সেটা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ৩০ থেকে ৪০ বছর আগে ঘুম থেকে উঠে এমন একটি গাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার করতে দেখেছেন। রাস্তা চকচক করার সেই উচ্ছ্বাস থেকেই তিনি ট্রাকে উঠেছেন।

তিনি আরও বলেন, পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ। এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।



banner close
banner close