দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে স্বস্তির খবর এসেছে জ্বালানি খাতে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সামিট এলএনজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি থেকে দৈনিক প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে। ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে শনিবার রাত ২টার মধ্যে দৈনিক ৫৫০ এমএমসিএফডি সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
অতিরিক্ত এই গ্যাস সরবরাহ শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে উৎপাদন কার্যক্রমে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর বিদ্যমান চাপও কিছুটা কমবে।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল এবং জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।
প্রতিষ্ঠানটির মতে, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অপরিহার্য।
গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে সামিট এলএনজি ভবিষ্যতেও পেট্রোবাংলা ও বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








