জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপের নতুন অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অডিও রেকর্ড প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের আরও কয়েকটি অডিও ফোনালাপ উপস্থাপন করা হয়। এর মধ্যে আন্দোলনকারীদের জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর বিষয়ে কথোপকথনও ছিল।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে অডিওগুলো উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তিনি ফোনালাপের কথোপকথনের অনুলিপি সাংবাদিকদের দেন।
নথিতে থাকা তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার এসব ফোনালাপ হয়।
১৯ জুলাই দুপুর ২টা ৫৪ মিনিটে শেখ হাসিনা ও হাছান মাহমুদের মধ্যে হওয়া ফোনালাপে ‘পাল্টা আগুনের’ প্রসঙ্গ উঠে আসে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে তাদের বাড়ি-গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে দেওয়ার কথা।
হাছান মাহমুদ ওই বক্তব্যকে ‘টিট ফর ট্যাট’ হিসেবে সমর্থন করেন। তিনি গায়েবানা জানাজা শেষে আন্দোলনকারীরা বিভিন্ন মহল্লায় যাওয়ার কথা বললে শেখ হাসিনা সংশোধন করে প্রত্যেককে নিজ নিজ এলাকায় যাওয়ার কথা বলেন। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের ডেকে এলাকায় ‘প্রোটেকশনের’ ব্যবস্থা করার নির্দেশ দেন বলে ফোনালাপে উল্লেখ রয়েছে।
এরপর ফোনালাপে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় শেখ হাসিনা সেতু ভবনে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে সেখানে র্যাব পাঠানোর কথা বলেন। পাশাপাশি আন্দোলনকারীদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ তুলে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করার নির্দেশ দেন বলে ফোনালাপে শোনা যায়।
আরও পড়ুন:








