সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৯:৩২

শেয়ার

চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ছবি সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী দোসরখ্যাত মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির দাবি, সাহাবুদ্দিন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন জালিয়াতির মাধ্যমে, একটি প্রতিষ্ঠানের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে, ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে।

দুদকে অভিযোগ জমা

সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর, ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে এই অভিযোগ জমা দেন। দুদকে দেয়া অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়ার পর, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়। প্রতিষ্ঠানটির ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক।

এস আলমের ভূমিকা

ব্যাংকের আরো অভিযোগ, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন। তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঋণ অনুমোদনে ভূমিকা রাখে এবং আর্থিকভাবে লাভবান হয় বলেও, অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত ও অভিযোগের ভিত্তি

ইসলামী ব্যাংক জানিয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়ার দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এসব তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগ করা হয়েছে।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন চুপ্পু ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর গঠিত পরিচালনা পর্ষদে তিনি যুক্ত হন।

সোমবার (২৪ এপ্রিল) ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনকে দায়িত্ব দেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান। শুক্রবার (২৪ জুলাই) অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের পরই ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন করল ইসলামী ব্যাংক।

অভিযোগটি অনুসন্ধান করে, দুদককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।



banner close
banner close