ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সালমান শাহর মামা আলমগীর কুমকুম দীর্ঘ সময় পর রমনা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁর ছেলে হত্যার শিকার হলেও মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপ নেবে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। স্বল্প সময়ের ক্যারিয়ারে দর্শক-সমালোচকদের কাছে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন।
আরও পড়ুন:








