বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হলে দুই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনবান্ধব ব্যক্তি। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে তার পুরো আত্মবিশ্বাস রয়েছে। দুই দেশের মানুষ একে অপরের সঙ্গে যুক্ত এবং সমস্যার সমাধান হবেই। বর্তমানে নেতিবাচক কোনো বিষয় নেই, সবকিছু ইতিবাচক।
বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।
বাংলাদেশে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে বলেও জানান তিনি। এ চাহিদা পূরণে ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, সাধারণ মানুষের ভিসা পাওয়ার ক্ষেত্রে খরচ কমানো এবং ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করা হচ্ছে।
বাংলাদেশের মানুষের আচরণের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো এবং এ সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখতে হবে।
আরও পড়ুন:








