শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৬:১১

শেয়ার

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেয়া হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানকালে মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ শেখ। তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেয়ার সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

অন্যদিকে কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন। পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন।



banner close
banner close