শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

‘আয়নাঘর’ দেখতে ডিজিএফআই কার্যালয়ে ট্রাইব্যুনালের বিচারকেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১২:৫৩

শেয়ার

‘আয়নাঘর’ দেখতে ডিজিএফআই কার্যালয়ে ট্রাইব্যুনালের বিচারকেরা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যরা এ পরিদর্শনে যান।

পরিদর্শন দলে রয়েছেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও এ পরিদর্শনে অংশ নেয়ার অনুমতি পেয়েছেন।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউটররা। সেদিন ছোট-বড় ২৯টি কক্ষ ঘুরে দেখেন তারা। পাশাপাশি সাতটি ডেথ সেলও পরিদর্শন করেন এবং সেখানে বন্দিদের আটকে রেখে নির্যাতনের অভিযোগের বিষয়ে ধারণা নেন।

মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থান ও স্থাপনার বাস্তব চিত্র পর্যালোচনার অংশ হিসেবেই ধারাবাহিকভাবে এসব বন্দিশালা পরিদর্শন করছে ট্রাইব্যুনাল।



banner close
banner close