সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ০৮:১৭

শেয়ার

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়
ছবি সংগৃহীত

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মাসজুড়ে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় এবং এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্টে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি বিচ্ছিন্ন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

বাড়তে পারে বৃষ্টিপাত, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগস্ট মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।