বিদেশ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য বা সমালোচনাকে সরকার আর গুরুত্ব দিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝেমধ্যে কেউ উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে সরকার এসবকে আর গুরুত্ব দিচ্ছে না।
তিনি বলেন, কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই এসব গ্রহণ করবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। এ কারণে দেশের মানুষ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে দেশে অপহরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপহরণসহ এ ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন। সরকারও সেনাবাহিনীকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের অনুরোধ জানাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে অপহরণের মতো ঘৃণ্য অপরাধ কার্যকরভাবে দমন করা বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।
আরও পড়ুন:








