আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরেরও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের মতে, এটি বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত হবে।
কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে ঘিরে ক্যালিফোর্নিয়ায় এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাসকারী বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজনের প্রস্তুতি চলছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। তার ভাষায়, এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
সার্বিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
আরও পড়ুন:








