আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যান্ত্রিক ত্রুটি সমাধানের পর বৃহস্পতিবার বিকেল থেকেই ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হবে। বিকেল থেকে গ্যাস সঞ্চালন চালু হলে ধীরে ধীরে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে এবং বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত দিন লাগবে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।
গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ার বিষয়ে তিনি বলেন, গ্যাস না থাকলে যেমন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও জ্বালানি পায় না। বর্তমানে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে সেগুলো আবার চালু করা হবে।
বিদ্যুতের ভূতুড়ে বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভিযোগ এলেও অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকরা বিল যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে আসেন না। তিনি জানান, জুন মাস থেকে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া মার্চের তুলনায় জুনে তাপমাত্রাও কম ছিল। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, এক গ্রাহকের সাড়ে ৩ হাজার টাকার পরিবর্তে ৭ হাজার টাকা বিল আসার অভিযোগ তদন্ত করে দেখা গেছে, ওই বাসায় দুটি এসি, একটি ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহার করা হয়। তাই এ ধরনের বিল অস্বাভাবিক বলে তিনি মনে করেন না।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি ছিল নিয়মিত বৈঠক। দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে তিনি জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে এবং ভারতকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে।
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তাঁর ভাষ্য,উনি তো অনেক কিছুই করেন। দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন উনি।
আরও পড়ুন:








