দেশের কয়েকটি অঞ্চল এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর বর্তমান পরিস্থিতি ও আগামী কয়েক দিনের পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুই দিনও এই নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আকস্মিক প্লাবন দেখা দিতে পারে।
এদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাই ও কংস নদীর পানিও আগামী দুই দিনে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে গঙ্গা-পদ্মা এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:








