শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নে প্রতারণার অভিযোগ জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৪:১৭

শেয়ার

জুলাই সনদ বাস্তবায়নে প্রতারণার অভিযোগ জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে গণভোট নিয়ে সরকার ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সরকারের কাছে জুলাই এবং আহত ও শহীদ পরিবারের কোনো মূল্য নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে আরেকটি জুলাই আসন্ন।’

তিনি বলেন, জুলাইয়ের যোদ্ধারা জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। তাঁর দাবি, এখনো অনেক যোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে শয্যাশায়ী অবস্থায় কষ্ট পাচ্ছেন। কিন্তু সরকার তাদের প্রতি যথাযথ নজর দিচ্ছে না।

জামায়াত আমির বলেন, জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ডে তিনি বিশ্বাস করেন না। তাঁর ভাষায়, দিনমজুর থেকে শুরু করে দেশের সব নাগরিকই জুলাই আন্দোলনের অংশীদার।

তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতিকে অনেক আশার কথা শুনিয়েছিলেন। কিন্তু সেই আশার বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এসব প্রতিশ্রুতি কোথায় হারিয়ে যাচ্ছে, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। তাঁর দাবি, সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই জনগণ তাকে ফ্যাসিবাদী বলছে। এই আচরণ বন্ধ করলে জনগণ ফুল দিয়ে বরণ করবে।

শেষে তিনি বলেন, জনগণের রায় মেনে নিতে হবে। তা না হলে বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।



banner close
banner close