জুলাই গণঅভ্যুত্থান দিবসকে (৫ আগস্ট) কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একইসঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করতে বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্যও মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (৫ আগস্ট) উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন:








