ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত কথিত সমলিঙ্গের বিয়ে নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক। তাদের মধ্যে রয়েছেন শীর্ষস্থানীয় আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এ বিবৃতিতে ঢাকেশ্বরী মন্দিরে সংঘটিত ঘটনাটির তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের যে ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। বিবৃতিতে ট্রান্সজেন্ডার পরিচয়, বাংলাদেশের আইন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ট্রান্সজেন্ডার পরিচয়ের স্বীকৃতি এবং সমলিঙ্গের বিয়ে বিষয়ে তাদের নিজস্ব আইনি ব্যাখ্যা রয়েছে। একই সঙ্গে দণ্ডবিধির ৩৭৭ ধারার উল্লেখ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা অভিযোগ করেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে কথিত এই বিয়ের ঘটনার সংবাদ প্রকাশের পরও প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যায়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এতে আরও বলা হয়, এ ধরনের ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
বিবৃতিদাতাদের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধ ডটকম ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বাক্ষরকারীদের মধ্যে ৩৮ জন অধ্যাপক, ২৪ জন সহযোগী অধ্যাপক এবং ৪৫ জন সহকারী অধ্যাপক রয়েছেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক মোখতার আহমাদ, মুফতি সাইফুল ইসলাম, শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, আসিফ মাহতাব উৎস, আব্দুল্লাহ আল জাবের, সালাহউদ্দিন আম্মার, মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী, নুরুল আলম, অধ্যাপক জুলফিকার হাসান খান, অধ্যাপক ড. সালমা বেগম, অধ্যাপক ড. শামীমা তাসনিম, অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর পারভেজ, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. তারেক ফজল, অধ্যাপক ড. মুহাম্মাদ মাকসুদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, অধ্যাপক ড. মো. কাফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, মো. আনোয়ার হোসেন এবং মুফতি আবদুল্লাহ তামিমসহ আরও অনেকে।
আরও পড়ুন:








