জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আবারও সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এ ব্যবস্থা কার্যকর করা হবে।
বিপিসির কর্মকর্তারা জানান, ইরান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চে চালু হওয়া ফুয়েল পাস ব্যবস্থা নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে এটি মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে কার্যকর হবে।
গত মার্চে দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত তেল কেনার প্রবণতা বা প্যানিক বায়িং শুরু হয়। একই সময়ে আমদানিতে অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতের ওপর চাপ সৃষ্টি হয়।
এই পরিস্থিতি মোকাবিলায় এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনা হয়। পরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়া এবং কৃত্রিম চাহিদা কমে আসায় মে মাস থেকে এ ব্যবস্থার প্রয়োগ শিথিল করা হয়।
বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল এবং এটি বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। জ্বালানি সংকট কেটে যাওয়ায় এর ব্যবহার কমে গিয়েছিল। এখন আবার এটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে, সেসব স্টেশন থেকে জ্বালানি নিতে হলে ফুয়েল পাস দেখাতে হবে।
এর আগে ধাপে ধাপে ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু করা হয়েছিল। সংকট কমে যাওয়ার পর এর ব্যবহার অনেকটাই হ্রাস পেলেও সংশ্লিষ্ট স্টেশনগুলোতে এখনো ফুয়েল পাস ব্যবহারের নির্দেশনাসংবলিত ব্যানার টাঙানো রয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
আরও পড়ুন:








