ভারতে অবস্থানরত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তসলিমা নাসরিন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ড. জাহেদ উর রহমান বলেন, তসলিমা নাসরিন যদি দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
বিতর্কিত মতামতের কারণে প্রায় দুই দশক আগে বাংলাদেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তসলিমা নাসরিন। ২০০৭ সালে নতুন করে বিতর্কের পর তিনি পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লিতে চলে যান। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এক অনুষ্ঠানে বাংলাদেশে ফিরতে না পারার আক্ষেপের কথাও জানান।
তসলিমা নাসরিন অতীতে যাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন, সে বিষয়ে প্রশ্নের জবাবে ড. জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চাইলে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে আদালতে মামলা করতে পারবেন।
আরও পড়ুন:








