রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়া এবং বাস্তুচ্যুত মানুষের পাশে থাকা দেশটির দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবেই এই নতুন অর্থায়ন দেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।
তিনি জানান, এই অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে চলমান সংকট মোকাবিলায় তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়া ১ দশমিক ২৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে।
এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং জীবিকাসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:








